অনলাইন ডেস্ক: চট্টগ্রাম সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র আকস্মিকভাবে পরিদর্শন করেন সমাজসেবা অধিদফতর এর মহাপরিচালক ও অতিরিক্ত সচিব শাহ মোহাম্মদ মাহ্বুব। আজ মঙ্গলবার (৩ নসভেম্বর) বিকেল ৩টায় পরিদর্শনকালে চট্টগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ওমর ফারুক,হাটহাজারী উপজেলা সমাজসেবা অফিসার মুজাহিদুল ইসলাম এবং ব্যবসায়ী মোহাম্মদ আইয়ুবসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। আয়োজনের শুরুতে কেন্দ্রের উপপ্রকল্প পরিচালক জেসমিন আকতার এর নেতৃত্বে মহাপরিচালক ও অতিরিক্ত সচিব শাহ মোহাম্মদ মাহ্বুব কে ফুলেল শুভেচ্ছা জানান কেন্দ্রের নিবাসী শিশুরা। অত:পর মহাপরিচালক বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন এবং কেন্দ্রের বাগানে চায়না বারোমাসি আমের চারা রোপণ করেন।
এরপরেই সমাজসেবা অধিদফতর এর মহাপরিচালক এর আগমন উপলক্ষ্যে মতবিনিময় সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় কেন্দ্রের উপপ্রকল্প পরিচালক জেসমিন আকতার স্লাইড প্রেজেন্টেশনের মাধ্যমে কেন্দ্রের সার্বিক সেবা কার্যক্রম এর প্রবাহ চিত্র উপস্থাপন করেন। উপপ্রকল্প পরিচালক জেসমিন আকতার এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ওমর ফারুক। আয়োজনে নিবাসী শিশুদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করে বিমোহিত হন মহাপরিচালকসহ উপস্থিত সকলেই। অনুষ্ঠানের শেষভাগে শিশুরা মহাপরিচালক এর হাতে তাদের তৈরিকৃত পুঁতির তৈরি কলার ছড়া শোপিস উপহার দেন। মহাপরিচালক ও অতিরিক্ত সচিব শাহ মোহাম্মদ মাহ্বুব কেন্দ্রের সার্বিক পরিবেশ,আবাসন ব্যবস্থা, অফিস ব্যবস্থাপনা সহ নানাবিধ সেবা কার্যক্রম পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন এবং কেন্দ্রের কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। মহাপরিচালকের এই ঝটিকা পরিদর্শন কেন্দ্রের সেবা কার্যক্রমকে অধিক সমৃদ্ধ ও বেগবান করবে বলে আমরা বিশ্বাস করি-মর্মে মন্তব্য করেন কেন্দ্রের উপপ্রকল্প পরিচালক জেসমিন আকতার। এখানে উল্লেখ্য, গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রনালয়াধীন সমাজসেবা অধিদফতর কর্তৃক পরিচালিত চট্টগ্রাম সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় সমাজের সুবিধাবঞ্চিত, বিপন্ন,পথ শিশুদের সমাজের মূলস্রোত ধারায় ফিরিয়ে আনার প্রয়াসে নিরাপদ আশ্রয়, খাদ্য, বস্ত্র ,মৌলিক স্বাস্থ্যসেবা, শিক্ষা, ধর্মীয় ও নৈতিক শিক্ষা, জীবন দক্ষতা উন্নয়ন, মনোসামাজিক সহায়তা, কারিগরি প্রশিক্ষন চিত্ত বিনোদন, চাকুরীতে নিযুক্তকরণ, পুনর্বাসন/পুনএকত্রীকরণ ইত্যাদি নানাবিধ সেবা প্রদানের মাধ্যমে সমন্বিত সেবা কার্যক্রম পরিচালনা করে আসছে।


