চবি প্রতিনিধি: শিক্ষা, গবেষণা ও শিল্প খাতের মধ্যে কার্যকর সংযোগ স্থাপন এবং পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণের লক্ষ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সঙ্গে পাঁচটি প্রতিষ্ঠান ও শিল্পপ্রতিষ্ঠানের সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। চুক্তিবদ্ধ প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়নমূলক সংগঠন Unite Theatre for Social Action (UTSA/উৎস)। গত বুধবার (৪ নভেম্বর) চট্টগ্রামের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের কনফারেন্স হলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির যৌথ উদ্যোগে আয়োজিত ‘Roundtable Discussion on Industry-Academia Collaboration’ শীর্ষক আলোচনা সভা শেষে এসব সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আবদুল্লাহ আল-মামুন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোহাম্মদ আমিরুল হক। মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান এবং পোর্ট ইউজার্স ফোরামের চেয়ারম্যান আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. আবদুল্লাহ আল-মামুন বলেন, ২০২৯ সালে বাংলাদেশের স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণ-পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলা এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করতে দক্ষ মানবসম্পদ, উদ্ভাবনী সক্ষমতা ও প্রতিযোগিতামূলক শিল্পব্যবস্থা গড়ে তোলা অপরিহার্য। শিল্প ও একাডেমিয়ার মধ্যে কার্যকর সহযোগিতা শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ সৃষ্টির পাশাপাশি শিল্পপ্রতিষ্ঠানের উৎপাদনশীলতা ও প্রতিযোগিতামূলক সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান বলেন, বিশ্ববিদ্যালয়ে অর্জিত তাত্ত্বিক জ্ঞান এবং শিল্পপ্রতিষ্ঠানের বাস্তব চাহিদার মধ্যকার ব্যবধান দূর করতে শিল্প-একাডেমিয়া সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যে পাঠ্যক্রম আধুনিকায়ন, ইন্টার্নশিপ, হাতে-কলমে প্রশিক্ষণ, প্রকল্পভিত্তিক শিক্ষা, যৌথ গবেষণা, প্রযুক্তি হস্তান্তর এবং গবেষণালব্ধ ফলাফলের বাণিজ্যিক প্রয়োগের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
আলোচনায় পোর্ট ইউজার্স ফোরামের চেয়ারম্যান আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী শিল্প ও শিক্ষাপ্রতিষ্ঠানের সহযোগিতাকে কৌশলগত অংশীদারত্ব হিসেবে উল্লেখ করেন। চিটাগাং চেম্বারের সভাপতি মোহাম্মদ আমিরুল হক শিল্প খাতের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বিশেষায়িত দক্ষতা ও জ্ঞানসম্পন্ন মানবসম্পদ তৈরিতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর কার্যকর ভূমিকার ওপর গুরুত্ব দেন।
এ ছাড়া চবি উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন এবং উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রম, গবেষণা ও দক্ষতা উন্নয়ন কার্যক্রমের সমন্বয় জোরদারের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
গোলটেবিল আলোচনায় আরও বক্তব্য দেন চট্টগ্রাম চেম্বারের সাবেক সভাপতি প্রকৌশলী আলী আহমেদ, একেখান গ্রুপের চেয়ারম্যান সালাহউদ্দীন কাসেম খান, চেম্বারের সাবেক পরিচালক ডা. মঈনুল ইসলাম মাহমুদ চৌধুরী ও এম মহিউদ্দিন চৌধুরী এবং চবির সিনেট ও সিন্ডিকেট সদস্য এস এম ফজলুল হক। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বিভিন্ন অনুষদের ডিন, চেম্বারের পরিচালক ও ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সমন্বয় করেন চবি ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সালেহ্ জহুর।
অনুষ্ঠানের অংশ হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সঙ্গে UTSA Bangladesh, Sharon Chou Apparels Ltd., Chowdhury Shipping Agencies Pvt. Ltd., Fashion of Wales Ltd. এবং হাক্কানি গ্রুপের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। বিশ্ববিদ্যালয়ের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. হাছান মিয়া এবং উৎস (UTSA Bangladesh)-এর পক্ষে স্বাক্ষর করেন সংগঠনটির নির্বাহী পরিচালক মোস্তফা কামাল যাত্রা।
এই সমঝোতা স্মারকের মাধ্যমে বিশ্ববিদ্যালয় ও উৎসের মধ্যে পারস্পরিক সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচিত হওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে। শিক্ষা, গবেষণা, সৃজনশীল ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমে অভিজ্ঞতা ও প্রাতিষ্ঠানিক সক্ষমতার সমন্বয়ের মাধ্যমে ভবিষ্যতে যৌথ উদ্যোগ গ্রহণের সম্ভাবনা তৈরি হয়েছে।


