মিরসরাই প্রতিনিধি:আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামের মিরসরাই উপজেলার ১২ নম্বর খৈয়াছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য পদে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।শনিবার (৭ নভেম্বর) বিকেল ৫টায় বড়তাকিয়া যাহেদিয়া আলিম মাদ্রাসার হলরুমে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও কর্মী সম্মেলনে এসব প্রার্থীর নাম ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১২ নম্বর খৈয়াছড়া ইউনিয়ন জামায়াতের আমীর হাফেজ একরামুল হক। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলার পুনর্নির্বাচিত আমীর আলাউদ্দিন সিকদার। প্রধান বক্তা ছিলেন মীরসরাই উপজেলা জামায়াতের আমীর মাওলানা নুরুল কবির। বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি আনোয়ার উল্যাহ আল মামুন। এ সময় উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে আলাউদ্দিন সিকদার বলেন, জনগণের আস্থা অর্জন, সুশাসন প্রতিষ্ঠা ও জনকল্যাণ নিশ্চিত করতে সৎ, যোগ্য ও আমানতদার নেতৃত্বের বিকল্প নেই। আদর্শিক নেতৃত্বের মাধ্যমে ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

পরে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১২ নম্বর খৈয়াছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে জামায়াতের দলীয় প্রার্থী হিসেবে মাওলানা শিহাব উদ্দিনের নাম ঘোষণা করেন তিনি। এ সময় উপস্থিত নেতাকর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করেন।
এ ছাড়া ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য পদে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডে যাহেদা বেগম এবং ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে আইরিন আক্তারের নাম ঘোষণা করা হয়। ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থীর নাম পরবর্তীতে ঘোষণা করা হবে বলে জানানো হয়।

অন্যদিকে সাধারণ সদস্য পদে ১ নম্বর ওয়ার্ডে মো. আব্দুর রহমান, ২ নম্বর ওয়ার্ডে মো. শহিদুল ইসলাম, ৩ নম্বর ওয়ার্ডে মো. মোশারফ হোসেন, ৪ নম্বর ওয়ার্ডে মো. খোরশেদ আলম, ৫ নম্বর ওয়ার্ডে মাওলানা নিজাম উদ্দিন, ৬ নম্বর ওয়ার্ডে মো. মামুনুর রশিদ এবং ৭ নম্বর ওয়ার্ডে শাহাদাত হোসেন আরাফাতকে দলীয় প্রার্থী ঘোষণা করা হয়। ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের প্রার্থীর নাম পরবর্তীতে ঘোষণা করা হবে।

চেয়ারম্যান পদে মনোনীত হওয়ার পর মাওলানা শিহাব উদ্দিন মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করে দলীয় নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, এই দায়িত্বকে তিনি আমানত হিসেবে গ্রহণ করেছেন। সততা, ন্যায়, স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে দল-মত নির্বিশেষে ইউনিয়নের মানুষের কল্যাণে কাজ করবেন। মানবসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেবেন বলেও আশ্বাস দেন তিনি।অন্যান্য মনোনীত প্রার্থীরাও সুখে-দুঃখে জনগণের পাশে থাকার এবং ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।


