রবিবার, নভেম্বর ৮, ২০২৬
spot_img

চিকিৎসাসেবার উন্নয়নে রাজনৈতিক বিবেচনা ঊর্ধ্বে রাখতে হবে : ডা. শাহাদাত

নিজস্ব প্রতিবেদক : চিকিৎসাসেবার উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রমকে রাজনৈতিক বিবেচনার ঊর্ধ্বে রাখতে হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন।রোববার (৮ নভেম্বর) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের শিশু বিভাগের চিকিৎসাসেবার মানোন্নয়নে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সরকার পরিবর্তন হলেও স্বাস্থ্যসেবার উন্নয়ন যেন থেমে না যায়। কোনো সরকারের সময় নেওয়া ভালো উদ্যোগ পরবর্তী সরকার এসে বন্ধ করে দেবে—এমন মানসিকতা পরিহার করতে হবে। চিকিৎসাসেবায় দলমত নির্বিশেষে সবার সহযোগিতা প্রয়োজন।
ডা. শাহাদাত হোসেন বলেন, শিশুদের জীবন রক্ষায় অক্সিজেন কনসেনট্রেটরের মতো প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। চিকিৎসাসেবার মান বাড়াতে আধুনিক প্রযুক্তি ও যন্ত্রপাতির সংযোজন জরুরি। এ ক্ষেত্রে সরকারি উদ্যোগের পাশাপাশি চিকিৎসক, প্রাক্তন শিক্ষার্থী, সামাজিক সংগঠন ও সামর্থ্যবান ব্যক্তিদের এগিয়ে আসতে হবে। পিজিটিডিএর এ উদ্যোগ প্রশংসনীয়। এটি শুধু একটি বিভাগে সীমাবদ্ধ না রেখে হাসপাতালের অন্যান্য বিভাগেও সম্প্রসারণ করা প্রয়োজন।
নিজের পেশাগত অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, প্রায় ২৫-২৬ বছর আগে ব্যাঙ্গালোর থেকে প্রশিক্ষণ শেষে দেশে ফিরে চট্টগ্রামে আধুনিক চিকিৎসা প্রযুক্তি ও রোগ নির্ণয়ের সরঞ্জাম সংযোজনে কাজ করেছেন। ইলেকট্রোমায়োগ্রাম (ইএমজি), নার্ভ কন্ডাকশন ভেলোসিটি ও বিভিন্ন নিউরোফিজিওলজিক্যাল পরীক্ষার প্রযুক্তি চট্টগ্রামে পরিচিত করার উদ্যোগ নিয়েছিলেন। আধুনিক প্রযুক্তির ব্যবহার রোগ নির্ণয়ের নির্ভুলতা বাড়ায়। তাই চিকিৎসাপ্রতিষ্ঠানগুলোতে প্রয়োজনীয় যন্ত্রপাতি সংযোজন অব্যাহত রাখতে হবে।
চমেক হাসপাতালের ডায়ালাইসিস সেবাসহ গুরুত্বপূর্ণ চিকিৎসা কার্যক্রম অব্যাহত রাখার বিষয়ে তিনি বলেন, এসব সেবা যাতে কোনো কারণে ব্যাহত না হয়, সে জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ ও প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সহযোগিতা এবং হাসপাতালের নিজস্ব অর্থায়নের সমন্বয়ে সেবাগুলো দীর্ঘমেয়াদে চালু রাখার চেষ্টা চলছে।
হাসপাতালের পরিচ্ছন্নতা ও পরিবেশ উন্নয়ন প্রসঙ্গে ডা. শাহাদাত বলেন, একটি হাসপাতাল শুধু চিকিৎসাসেবার মান দিয়ে নয়, এর সার্বিক পরিবেশ দিয়েও পরিচিত হয়। রোগী ও স্বজনদের নির্বিঘ্ন চলাচল, পরিচ্ছন্নতা এবং স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা জরুরি। হাসপাতালের ফুটপাত ও চলাচলের জায়গা দখল করে দোকান বসানো কোনোভাবেই কাম্য নয়। এ ক্ষেত্রে নিয়মিত তদারকি ও জবাবদিহি নিশ্চিত করতে হবে।
অনুষ্ঠানে পিজিটিডিএ চমেকহার সভাপতি ডা. তানভীর হাবীব তান্নার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ডা. মোনায়েম ফরহাদের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. তসলিম উদ্দিন, ড্যাব চট্টগ্রাম জেলা শাখার সভাপতি অধ্যাপক ডা. তমিজ উদ্দিন আহমেদ, চমেক শাখার সাধারণ সম্পাদক ডা. ফয়েজুর রহমান, জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. বেলায়েত হোসেন ঢালী এবং মহানগর শাখার সাধারণ সম্পাদক ডা. ইফতেখারুল ইসলাম।
এ ছাড়া উপস্থিত ছিলেন চমেক শিশু স্বাস্থ্য বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মোহাম্মদ মুছা মিঞাসহ হাসপাতালের বিভিন্ন বিভাগের চিকিৎসক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা। বক্তব্যের শেষ পর্যায়ে ডা. শাহাদাত চিকিৎসকদের রোগীর চিকিৎসার পাশাপাশি হাসপাতালের পরিবেশ, পরিচ্ছন্নতা ও সামগ্রিক সেবার মান উন্নয়নেও ভূমিকা রাখার আহ্বান জানান।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...
spot_img