নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম মহানগরের পতেঙ্গায় কেইপিজেডের দুটি প্রতিষ্ঠানের বাসের মধ্যে সংঘর্ষে মো. আলমগীর (৪৫) নামের এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় ১০ থেকে ১৫ জন আহত হয়েছেন। তাদের মধ্যে চারজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।সোমবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে পতেঙ্গা থানার নতুন ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
হাসপাতালে আহত ব্যক্তিদের নিয়ে আসেন কেইপিজেডের একটি প্রতিষ্ঠানের নিরাপত্তা কর্মকর্তা বাবুল। তার দেওয়া তথ্য অনুযায়ী, দুটি প্রতিষ্ঠানের বাসের মধ্যে সংঘর্ষে ১০ থেকে ১৫ জন আহত হন। পরে তাদের মধ্যে চারজনকে চমেক হাসপাতালে নেওয়া হয়।
চমেক হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক জানান, দুর্ঘটনায় নিহত চালক মো. আলমগীরকে সকাল ৯টা ৫০ মিনিটে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার বাবার নাম ও বাড়ির ঠিকানা জানা যায়নি। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
আহত চারজন হলেন শারমিন (২৭), লুৎফা বেগম (২১), মাহমুদুর ও হিনজুর। তাদের চমেক হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডে পাঠানো হয়েছে।আহত ব্যক্তিদের মধ্যে শারমিনের বাড়ি নগরের আকবর শাহ থানার এ কে খান এলাকায়। লুৎফা বেগমের বাড়িও একই এলাকায়। মাহমুদুরের বাবার নাম পারজ উদ্দিন এবং মায়ের নাম মরিয়ম বেগম। অন্য আহত হিনজুরের ঠিকানা জানা যায়নি।


