মোহাম্মদ হাসান : বিশ্ব রাজনীতির ক্ষমতার সমীকরণ দ্রুত পরিবর্তিত হচ্ছে। একসময় সামরিক শক্তি, ভূখণ্ড দখল কিংবা রাজনৈতিক প্রভাব বিস্তার ছিল পরাশক্তিগুলোর আধিপত্য প্রতিষ্ঠার প্রধান হাতিয়ার। এখন সেই তালিকায় সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদানগুলোর একটি হয়ে উঠেছে জ্বালানি সম্পদের নিয়ন্ত্রণ। তেল ও গ্যাসের উৎপাদন, পরিশোধন, পরিবহন এবং আন্তর্জাতিক বাজারের ওপর প্রভাব বিস্তারকে কেন্দ্র করে নতুন করে সাজানো হচ্ছে বিশ্ব অর্থনীতির হিসাব-নিকাশ। কারণ, জ্বালানি সরবরাহব্যবস্থার ওপর যার নিয়ন্ত্রণ যত বেশি, আন্তর্জাতিক রাজনীতিতে তার দর-কষাকষির ক্ষমতাও তত শক্তিশালী।ভেনেজুয়েলার বিপুল তেলসম্পদ, সৌদি আরবের আরামকো, রাশিয়ার জ্বালানি বাজার কিংবা ভারতের বৃহৎ পরিশোধনশিল্প—সবই প্রমাণ করে, জ্বালানি এখন আর নিছক বাণিজ্যিক পণ্য নয়; এটি অর্থনৈতিক শক্তি, কৌশলগত অবস্থান ও কূটনৈতিক প্রভাব বিস্তারের গুরুত্বপূর্ণ উপকরণ।এই বাস্তবতায় বাংলাদেশের সামনে বড় প্রশ্ন—আমরা কি নিজেদের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে পারছি, নাকি বৈশ্বিক শক্তির প্রতিযোগিতায় ক্রমেই অন্যের সিদ্ধান্তের ওপর নির্ভরশীল হয়ে পড়ছি?
আমদানিনির্ভরতা ও অর্থনীতির বাড়তি চাপ
বাংলাদেশের অর্থনীতি সম্প্রসারণের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে জ্বালানির চাহিদা। শিল্পায়ন, বিদ্যুৎ উৎপাদন, পরিবহন, কৃষি ও অবকাঠামো উন্নয়নের জন্য বিপুল জ্বালানি প্রয়োজন। কিন্তু চাহিদার বড় অংশই পূরণ করতে হয় আমদানির মাধ্যমে।
বাংলাদেশ ব্যাংকের আমদানি তথ্যের ভিত্তিতে প্রকাশিত হিসাব অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে অপরিশোধিত তেল ও পেট্রোলিয়ামজাত পণ্য আমদানিতে ব্যয় হয়েছে প্রায় ১০ দশমিক ৬৩ বিলিয়ন মার্কিন ডলার। আগের অর্থবছরে এই ব্যয় ছিল প্রায় ৫ দশমিক ১৪ বিলিয়ন ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে ব্যয় বেড়েছে প্রায় ১০৭ শতাংশ। দেশের মোট পণ্য আমদানি ব্যয়ের প্রায় ১৪ দশমিক ১৩ শতাংশই চলে গেছে এই দুই খাতে। এর মধ্যে এলএনজি, কয়লা ও এলপিজির ব্যয় অন্তর্ভুক্ত নয়।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের প্রাক্কলন অনুযায়ী, দেশে বছরে জ্বালানি তেলের চাহিদা প্রায় ৭৪ লাখ টন। ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধি কিংবা ডলারের বিনিময় হার বাড়লে সরাসরি চাপ পড়ে বৈদেশিক মুদ্রার রিজার্ভে।
এর প্রভাব কেবল আমদানি ব্যয়ে সীমাবদ্ধ থাকে না। পরিবহন, কৃষি, সেচ ও শিল্প উৎপাদনের ব্যয় বেড়ে যায়। পণ্য উৎপাদন ও সরবরাহ খরচ বৃদ্ধি পেয়ে মূল্যস্ফীতিকে আরও উসকে দেয়। অর্থাৎ আন্তর্জাতিক জ্বালানি বাজারের অস্থিরতার আর্থিক বোঝা শেষ পর্যন্ত বহন করতে হয় সাধারণ মানুষকেও।
পরিশোধন সক্ষমতা বাড়ানো এখন সময়ের দাবি
বাংলাদেশের জ্বালানি নিরাপত্তার অন্যতম দুর্বলতা হলো অপরিশোধিত তেল পরিশোধনের সীমিত সক্ষমতা। চট্টগ্রামের পতেঙ্গায় অবস্থিত ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ইআরএল) ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত হয়। দীর্ঘদিন ধরে এটিই দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত অপরিশোধিত তেল শোধনাগার। এর বার্ষিক পরিশোধন সক্ষমতা প্রায় ১৫ লাখ টন, যা দেশের মোট জ্বালানি চাহিদার তুলনায় অত্যন্ত সীমিত।
ফলে অপরিশোধিত তেলের পাশাপাশি বিপুল পরিমাণ পরিশোধিত ডিজেল, অকটেন, পেট্রোল ও অন্যান্য পেট্রোলিয়ামজাত পণ্য বিদেশ থেকে আমদানি করতে হয়। অথচ ভারতের রিলায়েন্সের মতো বৃহৎ শোধনাগারগুলো আমদানি করা অপরিশোধিত তেল পরিশোধন করে অভ্যন্তরীণ চাহিদা পূরণের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও পণ্য সরবরাহ করছে।
বাংলাদেশের জন্যও পরিশোধনশিল্পের সক্ষমতা বৃদ্ধি কৌশলগত গুরুত্ব বহন করে। এ ক্ষেত্রে ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিট বা ইআরএল-২ প্রকল্প গুরুত্বপূর্ণ সম্ভাবনা তৈরি করেছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে বছরে অতিরিক্ত ৩০ লাখ টন অপরিশোধিত তেল পরিশোধন সম্ভব হবে। এতে মোট সক্ষমতা দাঁড়াবে প্রায় ৪৫ লাখ টন।
২০২৬ সালের ৩ সেপ্টেম্বর ইসলামী উন্নয়ন ব্যাংকের সঙ্গে প্রায় এক বিলিয়ন ডলারের ঋণচুক্তি হয়েছে। প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে প্রায় ৩১ হাজার ৫৭ কোটি টাকা এবং ২০৩০ সালের নভেম্বরের মধ্যে কাজ শেষ করার লক্ষ্য রয়েছে।
তবে শুধু অর্থায়ন নিশ্চিত করলেই হবে না। সময়মতো নির্মাণ, আধুনিক প্রযুক্তি, দক্ষ ব্যবস্থাপনা এবং কাঁচামালের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে সিঙ্গেল পয়েন্ট মুরিং (এসপিএম) ব্যবস্থার কার্যকর ব্যবহার জরুরি। গভীর সমুদ্র থেকে পাইপলাইনের মাধ্যমে সরাসরি তেল পরিবহনের এই ব্যবস্থা খালাসের সময় ও ব্যয় কমাতে সহায়ক হতে পারে।
হরমুজ প্রণালি ও বৈশ্বিক ভূরাজনৈতিক ঝুঁকি
বাংলাদেশের জ্বালানি সরবরাহের সঙ্গে মধ্যপ্রাচ্যের সম্পর্ক অত্যন্ত গভীর। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতারসহ উপসাগরীয় অঞ্চলের দেশগুলো গুরুত্বপূর্ণ জ্বালানি অংশীদার। এই অঞ্চলের সঙ্গে আন্তর্জাতিক বাজারের সংযোগের অন্যতম প্রধান পথ হরমুজ প্রণালি।এখানে সামরিক সংঘাত, অবরোধ কিংবা জাহাজ চলাচলে বিঘ্ন ঘটলে বিশ্ববাজারে তেল ও গ্যাসের সরবরাহে সংকট তৈরি হতে পারে। বাংলাদেশের মতো আমদানিনির্ভর দেশের জন্য এর প্রভাব আরও গুরুতর। তখন বিকল্প উৎস থেকে বেশি দামে জ্বালানি সংগ্রহের প্রয়োজন দেখা দিতে পারে।রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যের সংঘাত আন্তর্জাতিক জ্বালানি বাণিজ্যের ঝুঁকি আরও স্পষ্ট করেছে। নিষেধাজ্ঞার কারণে শুধু পণ্য কেনাবেচাই বাধাগ্রস্ত হয় না; ব্যাংকিং, জাহাজ পরিবহন, বীমা ও অর্থ পরিশোধের ক্ষেত্রেও জটিলতা তৈরি হয়।তাই জ্বালানি আমদানির ক্ষেত্রে শুধু বাজারদর নয়, সরবরাহের নিরাপত্তা, আন্তর্জাতিক আইন, নিষেধাজ্ঞা এবং অর্থ পরিশোধের সক্ষমতাকেও সমান গুরুত্ব দিতে হবে।
পরাশক্তির প্রতিযোগিতা ও বাংলাদেশের কূটনীতি
যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, ভারত ও মধ্যপ্রাচ্যের দেশগুলো প্রত্যেকেই নিজেদের অর্থনৈতিক ও কৌশলগত স্বার্থে জ্বালানি নীতি পরিচালনা করছে। ভারত ও চীন বিভিন্ন উৎস থেকে জ্বালানি সংগ্রহ করে নিজেদের অর্থনৈতিক স্বার্থ রক্ষার চেষ্টা করছে। তাহলে বাংলাদেশ কেন জাতীয় প্রয়োজন অনুযায়ী বহুমুখী জ্বালানি উৎস অনুসন্ধান করতে পারবে না?
অবশ্যই পারবে। তবে সেই সিদ্ধান্ত হতে হবে আন্তর্জাতিক আইন, বাণিজ্যিক বাস্তবতা ও অর্থনৈতিক ঝুঁকি বিবেচনায় রেখে। কূটনৈতিক ভারসাম্য মানে কোনো একটি পক্ষের প্রতি অন্ধ আনুগত্য নয়; বরং সব পক্ষের সঙ্গে সম্পর্ক বজায় রেখেও জাতীয় স্বার্থে স্বাধীন সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা।
বঙ্গোপসাগরকে ঘিরে বাংলাদেশের কৌশলগত অবস্থানও এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। ভারত মহাসাগর ও দক্ষিণ-পূর্ব এশিয়ার সংযোগস্থলে অবস্থানের কারণে বাংলাদেশ জ্বালানি বাণিজ্য, সমুদ্রবন্দর, নৌপথ ও আঞ্চলিক সহযোগিতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। পাশাপাশি সমুদ্রসীমায় তেল-গ্যাস অনুসন্ধান, দেশীয় গ্যাস উৎপাদন এবং নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানো জরুরি।
জ্বালানি নিরাপত্তাই অর্থনৈতিক স্বাধীনতার ভিত্তি
বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে দীর্ঘমেয়াদি ও সমন্বিত পরিকল্পনার বিকল্প নেই। দেশীয় গ্যাস অনুসন্ধান ও উৎপাদন বাড়ানো, আধুনিক শোধনাগার নির্মাণ, নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণ, জ্বালানি সাশ্রয়ী প্রযুক্তির ব্যবহার এবং পর্যাপ্ত কৌশলগত মজুত গড়ে তুলতে হবে। পাশাপাশি একাধিক দেশ থেকে জ্বালানি আমদানির ব্যবস্থা নিশ্চিত করতে হবে, যাতে কোনো একটি উৎসের ওপর অতিরিক্ত নির্ভরতা জাতীয় অর্থনীতিকে ঝুঁকিতে না ফেলে।
একই সঙ্গে জ্বালানি ক্রয়, পরিবহন ও বিতরণ ব্যবস্থায় স্বচ্ছতা, জবাবদিহি এবং দুর্নীতি নিয়ন্ত্রণ নিশ্চিত করা জরুরি। কারণ আন্তর্জাতিক বাজারে সাশ্রয়ী মূল্যে জ্বালানি পাওয়া গেলেও অভ্যন্তরীণ ব্যবস্থাপনায় অনিয়ম ও অদক্ষতা থাকলে তার সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছাবে না।
বিশ্ব জ্বালানি রাজনীতির বাস্তবতা বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা রেখে যাচ্ছে—অন্যের ওপর নির্ভর করে সাময়িক উন্নয়ন সম্ভব, কিন্তু দীর্ঘমেয়াদি অর্থনৈতিক স্বাধীনতা অর্জন সম্ভব নয়।
বাংলাদেশের পররাষ্ট্রনীতি ও জ্বালানি কৌশলের কেন্দ্রবিন্দুতে থাকতে হবে জাতীয় স্বার্থ। যুক্তরাষ্ট্র, চীন, ভারত, রাশিয়া কিংবা মধ্যপ্রাচ্য—সবার সঙ্গে সম্পর্ক থাকবে, কিন্তু কোনো সম্পর্কই যেন দেশের সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতাকে সীমিত করতে না পারে।
কারণ জ্বালানি নিরাপত্তা শুধু বিদ্যুৎকেন্দ্র সচল রাখা কিংবা যানবাহনের চাকা ঘোরানোর বিষয় নয়। এটি শিল্পের উৎপাদন, কৃষকের সেচ, মানুষের ক্রয়ক্ষমতা, বৈদেশিক মুদ্রার স্থিতিশীলতা এবং রাষ্ট্রের সার্বভৌম সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতার সঙ্গে গভীরভাবে সম্পর্কিত।
বিশ্বের জ্বালানি রাজনীতিতে প্রভাব বিস্তারের প্রতিযোগিতা চলবে। কিন্তু বাংলাদেশকে সেই প্রতিযোগিতার নিষ্ক্রিয় দর্শক কিংবা কোনো পরাশক্তির কৌশলগত দাবার ঘুঁটি হয়ে থাকলে চলবে না। নিজস্ব সক্ষমতা বৃদ্ধি, বহুমুখী সরবরাহব্যবস্থা এবং ভারসাম্যপূর্ণ জ্বালানি কূটনীতির মাধ্যমেই নির্ভরতার বৃত্ত ভাঙতে হবে। কারণ জ্বালানিতে পরনির্ভর রাষ্ট্রের অর্থনৈতিক অগ্রগতি যতই দৃশ্যমান হোক, কৌশলগত স্বাধীনতা ছাড়া সেই উন্নয়ন কখনোই পূর্ণাঙ্গ হতে পারে না। লেখক: সাংবাদিক ও কলামিস্ট


