মোহাম্মদ হাসান : মানুষের সুস্থতা বলতে আমরা সাধারণত শারীরিক সুস্থতাকেই বুঝি। অথচ একজন মানুষ শারীরিকভাবে সুস্থ থেকেও মানসিকভাবে বিপর্যস্ত হতে পারেন। তাঁর মুখে হাসি থাকতে পারে, কর্মক্ষেত্রে স্বাভাবিক উপস্থিতি থাকতে পারে, পরিবারের দায়িত্বও তিনি যথারীতি পালন করতে পারেন; কিন্তু ভেতরে ভেতরে হয়তো প্রতিনিয়ত লড়াই করছেন উদ্বেগ, হতাশা, একাকিত্ব কিংবা বিষণ্নতার সঙ্গে। এই অদৃশ্য সংকটই আজ বাংলাদেশের সমাজে ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে।
বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে মানসিক চাপ, হতাশা ও আত্মবিশ্বাসের সংকট গভীর হচ্ছে। প্রতিযোগিতামূলক শিক্ষাব্যবস্থা, কর্মসংস্থানের অনিশ্চয়তা, বেকারত্ব, পারিবারিক প্রত্যাশা, সামাজিক যোগাযোগমাধ্যমের নেতিবাচক প্রভাব এবং সম্পর্কের টানাপোড়েন—সব মিলিয়ে অনেক তরুণ এক কঠিন মানসিক বাস্তবতার মধ্য দিয়ে যাচ্ছে। এর পরিণতিতে কেউ সামাজিকভাবে নিজেকে গুটিয়ে নিচ্ছে, কেউ মাদকাসক্তির দিকে ঝুঁকছে, আবার কারও জীবনে আত্মহত্যার মতো মর্মান্তিক পরিণতি নেমে আসছে। এসব ঘটনাকে বিচ্ছিন্ন ব্যক্তিগত সমস্যা হিসেবে দেখার সুযোগ নেই। এটি একটি গভীর সামাজিক ও জনস্বাস্থ্য সংকট।
জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, দেশের ১৩ থেকে ১৭ বছর বয়সী কিশোর-কিশোরীদের প্রায় ১৭ শতাংশ কোনো না কোনো মানসিক সমস্যায় আক্রান্ত। বিভিন্ন গবেষণায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যেও উল্লেখযোগ্য মাত্রায় উদ্বেগ ও বিষণ্নতার চিত্র উঠে এসেছে। অন্যদিকে দেশে প্রতি তিন লাখ মানুষের বিপরীতে মাত্র একজন মনোরোগ বিশেষজ্ঞ থাকার তথ্য মানসিক স্বাস্থ্যসেবার সীমাবদ্ধতাকে স্পষ্ট করে। অর্থাৎ সমস্যার ব্যাপ্তি বাড়লেও প্রয়োজনের তুলনায় চিকিৎসা ও পরামর্শসেবার সুযোগ অত্যন্ত সীমিত।
তবে মানসিক সংকট শুধু তরুণদের মধ্যেই সীমাবদ্ধ নয়। আমাদের সমাজে একজন পুরুষকে পরিবারের প্রধান উপার্জনকারী, দায়িত্বশীল অভিভাবক এবং সংকট মোকাবিলার নির্ভরতার প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। তাঁর কাছে প্রত্যাশা থাকে, তিনি সব পরিস্থিতিতে দৃঢ় থাকবেন, পরিবারের সব প্রয়োজন পূরণ করবেন। অথচ তাঁর নিজের ভয়, হতাশা, ব্যক্তিগত স্বপ্ন কিংবা মানসিক ক্লান্তির কথা কতটা ভাবা হয়?
অনেক পুরুষ নিজের প্রয়োজন বিসর্জন দিয়ে সন্তানের শিক্ষা, পরিবারের চিকিৎসা, সংসারের ব্যয় এবং বৃদ্ধ মা-বাবার দায়িত্ব পালন করেন। কিন্তু দীর্ঘদিন নিজের অনুভূতি ও সীমাবদ্ধতা গোপন রাখার ফলে তাঁদের মধ্যেও উদ্বেগ, অনিদ্রা, বিষণ্নতা ও একাকিত্ব তৈরি হতে পারে। ছোটবেলা থেকে ‘পুরুষ মানুষ কাঁদে না’, ‘দুর্বলতা প্রকাশ করা যাবে না’—এমন সামাজিক শিক্ষা তাঁদের মানসিক সংকট প্রকাশের পথ সংকুচিত করে। ফলে নারী-পুরুষ নির্বিশেষে মানসিক স্বাস্থ্য নিয়ে আমাদের সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন জরুরি।
তরুণদের মানসিক সংকটের পেছনেও রয়েছে একাধিক কাঠামোগত কারণ। শিক্ষার্থীদের মূল্যায়ন যখন শুধু পরীক্ষার ফলাফল, জিপিএ কিংবা সিজিপিএ দিয়ে নির্ধারিত হয়, তখন সামান্য ব্যর্থতাও অনেকের কাছে জীবনের ব্যর্থতা হয়ে দাঁড়ায়। পরিবার ও সমাজের অতিরিক্ত প্রত্যাশা তাঁদের ওপর আরও চাপ সৃষ্টি করে। বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রি অর্জনের পরও যখন যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থান মেলে না, তখন স্বপ্ন ও বাস্তবতার ব্যবধান হতাশাকে গভীর করে তোলে। সামাজিক যোগাযোগমাধ্যমে অন্যের সাজানো সাফল্য ও তথাকথিত আদর্শ জীবন দেখে নিজের জীবনকে ব্যর্থ মনে করার প্রবণতাও আত্মবিশ্বাসে আঘাত করে। এর সঙ্গে যুক্ত হয়েছে সাইবার বুলিং, ডিজিটাল আসক্তি, ঘুমের অনিয়ম এবং পারিবারিক সম্পর্কের অবনতি।
সবচেয়ে উদ্বেগের বিষয়, আমাদের সমাজে এখনো মানসিক সমস্যাকে অনেক ক্ষেত্রে দুর্বলতা, ব্যক্তিগত ব্যর্থতা কিংবা ধর্মীয় বিশ্বাসের ঘাটতি হিসেবে দেখা হয়। কেউ মানসিক কষ্টের কথা প্রকাশ করলে তাঁকে উপহাস করা হয়, কেউ চিকিৎসা নিতে চাইলে সামাজিকভাবে হেয় হওয়ার আশঙ্কায় পিছিয়ে যান। অথচ শারীরিক অসুস্থতার মতো মানসিক সমস্যাও চিকিৎসা ও সহায়তার দাবি রাখে। মানসিক চিকিৎসা নেওয়া দুর্বলতা নয়; বরং নিজের সুস্থতার জন্য দায়িত্বশীল সিদ্ধান্ত।
এখানে পরিবারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সন্তান ভালো ফলাফল করছে কি না, চাকরি পেয়েছে কি না কিংবা কত টাকা আয় করছে—এসব প্রশ্নের পাশাপাশি সে মানসিকভাবে কেমন আছে, তা জানার চেষ্টা করতে হবে। পরিবারের উপার্জনকারী সদস্যটির ওপর শুধু দায়িত্ব চাপিয়ে না দিয়ে তাঁর বিশ্রাম, ব্যক্তিগত সময় ও মানসিক প্রশান্তির প্রয়োজনকেও গুরুত্ব দিতে হবে। কাউকে বিচার না করে তাঁর কথা শোনা, অনুভূতিকে সম্মান করা এবং প্রয়োজনের সময় পাশে দাঁড়ানোই হতে পারে সংকট মোকাবিলার প্রথম পদক্ষেপ।
মানসিক স্বাস্থ্যসেবা সম্প্রসারণে রাষ্ট্রের দায়িত্বও অপরিসীম। জেলা ও উপজেলা পর্যায়ে সহজলভ্য সেবা, সরকারি হাসপাতালে মনোরোগ চিকিৎসার সক্ষমতা বৃদ্ধি, টেলি-কাউন্সেলিং এবং প্রশিক্ষিত মনোরোগ বিশেষজ্ঞ ও ক্লিনিক্যাল সাইকোলজিস্টের সংখ্যা বাড়ানো জরুরি। একই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানে প্রশিক্ষিত কাউন্সেলর নিয়োগ, শিক্ষার্থীদের জন্য গোপনীয় ও নিরাপদ পরামর্শসেবা এবং শিক্ষক-অভিভাবকদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। শিক্ষাব্যবস্থাকে শুধু ফলাফলনির্ভর না রেখে শিক্ষার্থীর ব্যক্তিত্ব, সৃজনশীলতা ও মানসিক বিকাশের উপযোগী করে তুলতে হবে।
কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, কারিগরি ও প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণ, তরুণ উদ্যোক্তাদের সহায়তা এবং কর্মক্ষেত্রে ন্যায্য পারিশ্রমিক ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করাও মানসিক স্বাস্থ্য সুরক্ষার সঙ্গে সরাসরি সম্পর্কিত। কারণ অর্থনৈতিক অনিশ্চয়তা ও সামাজিক নিরাপত্তাহীনতা মানুষের মানসিক চাপ বাড়ায়।
সম্প্রতি বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত জাতীয় সেমিনারে সমাজকল্যাণ ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বশীল ব্যক্তিরা মানসিক স্বাস্থ্যসেবায় সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দিয়েছেন। সেখানে ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্কারদের দক্ষতা কাজে লাগানো, পাইলট প্রকল্প বাস্তবায়ন এবং উদ্বেগ, বিষণ্নতা, কিশোর-কিশোরীদের মানসিক সংকট, ডিজিটাল আসক্তি ও পারিবারিক মানসিক আঘাত মোকাবিলার বিষয়গুলো গুরুত্ব পেয়েছে। এই উদ্যোগ আশাব্যঞ্জক। তবে এর প্রকৃত সাফল্য নির্ভর করবে পরিকল্পনা কতটা দ্রুত বাস্তবায়িত হচ্ছে এবং সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় কতটা পৌঁছাচ্ছে তার ওপর।
এ প্রসঙ্গে একটি বিষয় মনে রাখা প্রয়োজন, মানসিক স্বাস্থ্য সমস্যার সমাধান শুধু হাসপাতাল নির্মাণ, চিকিৎসক নিয়োগ কিংবা আইন প্রয়োগের মধ্যে সীমাবদ্ধ নয়। সমস্যার সামাজিক ও পারিবারিক কারণগুলো চিহ্নিত করতে হবে। ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্কার, চিকিৎসক, শিক্ষক, পরিবার, স্থানীয় প্রশাসন এবং সামাজিক সংগঠনগুলোর মধ্যে সমন্বয় গড়ে তুলতে হবে। একই সঙ্গে আত্মহত্যার ঝুঁকিতে থাকা ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে পেশাদার সহায়তা নিশ্চিত করতে হবে।
একটি জাতির ভবিষ্যৎ শুধু অবকাঠামো, অর্থনৈতিক প্রবৃদ্ধি কিংবা উন্নয়ন প্রকল্পের ওপর নির্ভর করে না; নির্ভর করে সেই জাতির মানুষের মানসিক সুস্থতার ওপরও। হতাশাগ্রস্ত তরুণ প্রজন্ম দিয়ে উদ্ভাবন, উৎপাদনশীলতা ও নেতৃত্বের প্রত্যাশা করা যায় না। একইভাবে মানসিকভাবে বিপর্যস্ত একজন অভিভাবকের কাছ থেকেও পরিবারের প্রতি সুস্থ ও ইতিবাচক ভূমিকা আশা করা কঠিন।
তাই মানসিক স্বাস্থ্যকে আর অবহেলার বিষয় হিসেবে দেখার সুযোগ নেই। পরিবারে সহমর্মিতা, শিক্ষাপ্রতিষ্ঠানে সচেতনতা, কর্মক্ষেত্রে মানবিক পরিবেশ এবং রাষ্ট্রীয় পর্যায়ে সহজলভ্য চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে। মনে রাখতে হবে, মানুষ কেবল উপার্জন, ফলাফল কিংবা দায়িত্ব পালনের যন্ত্র নয়। তারও অনুভূতি আছে, স্বপ্ন আছে, সীমাবদ্ধতা আছে।
মানসিক সংকটের সময় একজন মানুষের সবচেয়ে বেশি প্রয়োজন বিচার নয়, সহমর্মিতা; অবহেলা নয়, সহযোগিতা। নীরব কষ্টকে স্বীকৃতি দেওয়া এবং সাহায্য চাওয়ার পরিবেশ তৈরি করাই হতে পারে সুস্থ সমাজ গড়ার প্রথম শর্ত। কারণ মানসিক স্বাস্থ্য কোনো বিলাসিতা নয়, এটি মানুষের মৌলিক মানবিক প্রয়োজন। লেখক : সাংবাদিক ও কলামিস্ট


