নিজস্ব প্রতিবেদক: পাঁচ ঘণ্টা কর্মবিরতির পর কাজে ফিরেছেন চট্টগ্রাম বন্দরের শ্রমিকেরা। আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে তারা কাজে যোগ দেন। ক্রেন অপারেটররা কাজ শুরু করার পর জেটিতে জাহাজ থেকে কনটেইনার ওঠা-নামাও শুরু হয়। এর আগে আন্দোলনরত শ্রমিকদের সাতজন প্রতিনিধিকে বন্দর ভবনে ডেকে বৈঠক করেন বন্দরের পরিচালক (পরিবহন) গোলাম মোহাম্মদ সারোয়ারুল ইসলাম।বৈঠকের পর আন্দোলন সাময়িকভাবে স্থগিত রেখে কাজে ফেরার সিদ্ধান্ত নেন শ্রমিকেরা। তবে কী সমঝোতার ভিত্তিতে তারা কাজে ফিরেছেন, তা জানা যায়নি।
বৈঠকে অংশ নেওয়া ক্রেন অপারেটর মামুন খান কাজে ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষও শ্রমিকদের কাজে যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।
গ্রাচুইটি ভাতা ও বকেয়া বেতন পরিশোধসহ পাঁচ দফা দাবিতে আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টা থেকে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও চিটাগাং কনটেইনার টার্মিনালে (সিসিটি) কর্মবিরতি শুরু করেন শ্রমিকেরা। এ সময় জাহাজ থেকে পণ্যভর্তি কনটেইনার ওঠা-নামা বন্ধ হয়ে যায়। টার্মিনালের ক্রেন বন্ধ রেখে জেটিতে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন শত শত শ্রমিক। তাদের সঙ্গে যোগ দেন জেনারেল কার্গো বার্থের (জিসিবি) শ্রমিকেরাও।
শ্রমিকদের কর্মবিরতিতে এনসিটি ও সিসিটির কার্যক্রম বন্ধ হয়ে যায়। এতে আমদানি-রপ্তানি পণ্য ওঠা-নামা ও পরিবহন ব্যাহত হয়। বন্দর থেকে পণ্য সরবরাহও বন্ধ থাকে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বন্দর পরিচালক শ্রমিকদের সাত প্রতিনিধিকে ডেকে বৈঠক করেন।
এক ক্রেন অপারেটর জানিয়েছেন, এনসিটি পরিচালনার দায়িত্ব দুবাইভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আগামী বছরের শুরুতে প্রতিষ্ঠানটি দায়িত্ব বুঝে নিতে পারে। এতে এনসিটিতে কর্মরত শ্রমিকদের চাকরির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এই আশঙ্কা থেকেই তারা একযোগে আন্দোলনে নেমেছেন।
তার ভাষ্য, সিসিটিও বিদেশি অপারেটরের মাধ্যমে পরিচালনার প্রক্রিয়া এগোচ্ছে। কর্মসংস্থান নিয়ে একই ধরনের উদ্বেগ থেকে সিসিটির শ্রমিকেরাও আন্দোলনে যোগ দিয়েছেন।
বন্দর সূত্রে জানা গেছে, চট্টগ্রাম বন্দরের মোট কনটেইনার ওঠা-নামার প্রায় ৬২ শতাংশ হয় এনসিটি ও সিসিটির মাধ্যমে। এর মধ্যে এনসিটিতে প্রায় ৪৫ শতাংশ এবং সিসিটিতে প্রায় ১৬ শতাংশ কনটেইনার ওঠা-নামা হয়।
এনসিটি পরিচালনার দায়িত্ব দুবাইভিত্তিক বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার জন্য সরকারের সঙ্গে চুক্তি হয়েছে। দরপত্র ছাড়াই সরকার-টু-সরকার (জিটুজি) ভিত্তিতে এ কনসেশন চুক্তি হয়েছে। কয়েক মাসের মধ্যে ডিপি ওয়ার্ল্ডের কাছে এনসিটি হস্তান্তরের কথা রয়েছে। ততদিন পর্যন্ত চিটাগাং ড্রাইডকের মাধ্যমে টার্মিনালটি পরিচালনা করছে বন্দর কর্তৃপক্ষ।
অন্যদিকে সিসিটি পরিচালনার দায়িত্ব সৌদি আরবের রেড সি গেটওয়ে টার্মিনালকে দেওয়ার প্রস্তাব নিয়ে এগোচ্ছে সরকার। এতদিন টার্মিনালটি পরিচালনা করে আসছিল সাইফ পাওয়ারটেক লিমিটেড। নভেম্বরের প্রথম সপ্তাহে প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর সিসিটি চিটাগাং ড্রাইডকের মাধ্যমে পরিচালনার প্রক্রিয়া চূড়ান্ত করছে সরকার। এমন পরিস্থিতিতে শ্রমিকদের কর্মবিরতিতে বন্দরের কার্যক্রমে অচলাবস্থা তৈরি হয়।


