চবি প্রতিনিধি: প্রতিষ্ঠার ৬০ বছর পূর্তি উদযাপন করছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)। এ উপলক্ষে ও হীরকজয়ন্তী উৎসবে মেতেছেন বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। আজ বুধবার সকালে দিনব্যাপী আয়োজন শুরু হয়েছে বর্ণাঢ্য র্যালির মাধ্যমে। সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে র্যালিটি শুরু হয়। র্যালির উদ্বোধন করেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।পরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় খেলার মাঠে গিয়ে শেষ হয়। র্যালিতে ব্যানার, ফেস্টুন হাতে বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং আমন্ত্রিত অতিথিরা অংশ নেন।
র্যালিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমিন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ সফিকুল ইসলামসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাইরা র্যালিতে অংশ নেন।
১৯৬৬ সালের ১৮ নভেম্বর মাত্র চারটি বিভাগ নিয়ে যাত্রা শুরু করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। পাহাড়ি ও প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত জায়গাজুড়ে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়টি ছয় দশকের পথচলায় দেশের উচ্চশিক্ষা, গবেষণা ও সাংস্কৃতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।হীরকজয়ন্তী উপলক্ষ্যে দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে আনন্দ র্যালি, কেক কাটা, আলোচনা সভা, স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।


