নিজস্ব প্রতিবেদক: সংক্রামক রোগের বিস্তার রোধে নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস গড়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেন।আজ বুধবার নগরের হাতেখড়ি সিটি করপোরেশন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে ‘বিশ্ব হাত ধোয়া দিবস’ উপলক্ষে আয়োজিত এক সচেতনতামূলক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর দ্য আরবান পপুলেশন (ডব্লিউএসইউপি) এবং হাতেখড়ি স্কুল অ্যান্ড কলেজ যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রায় ৬০০ শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক অংশ নেন।
অনুষ্ঠানে ডব্লিউএসইউপি–এর পক্ষ থেকে জানানো হয়, গত চার বছরে সংস্থাটি চট্টগ্রাম নগরের প্রায় ৭৫ হাজার বাসিন্দাকে হাত ধোয়া, ব্যক্তিগত পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি বিষয়ে প্রশিক্ষণ দিয়েছে। এ ছাড়া নগরে বিদ্যালয় ও কমিউনিটি পর্যায়ে প্রায় ৪৮০টি নারীবান্ধব শৌচাগার নির্মাণ করেছে তারা।
প্রধান অতিথির বক্তব্যে ডা. শাহাদাত হোসেন বলেছেন, হাতের মাধ্যমে জীবাণু শরীরে প্রবেশ করে নানা সংক্রামক রোগ সৃষ্টি করে। তাই খাবার গ্রহণের আগে-পরে এবং টয়লেট ব্যবহারের পর সঠিক নিয়মে হাত ধোয়ার অভ্যাস গড়তে হবে।
পরিবেশ পরিচ্ছন্ন রাখার ওপর জোর দিয়ে চসিক প্রশাসক বললেন, যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলা এবং ফুটপাত দখল করা থেকে বিরত থাকতে হবে। এ ছাড়া ঘরে বসেই নাগরিক সমস্যার অভিযোগ জানাতে সিটি করপোরেশনের নতুন অ্যাপ ব্যবহারের আহ্বান জানান তিনি।
হাতেখড়ি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ফজলুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম ওয়াসার উপ-ব্যবস্থাপনা পরিচালক বিষ্ণু কুমার সরকার, চসিকের প্রধান শিক্ষা কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমা প্রমুখ।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে শিক্ষার্থীদের সঠিক নিয়মে সাবান দিয়ে হাত ধোয়ার পদ্ধতি হাতে-কলমে দেখানো হয়। পরে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।


