নিজস্ব প্রতিবেদক: হাটহাজারী উপজেলায় ভাড়া বাসায় ইয়াবা তৈরির মেশিন স্থাপন করে মাদক উৎপাদনের অভিযোগে তৌহিদুল আলম আকিব (১৯) নামের এক তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাসাটিতে অভিযান চালিয়ে ইয়াবা তৈরির একটি মেশিন ও বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়।তৌহিদুল আলম আকিব (১৯) পটিয়া থানার কুলাগাঁও ইউনিয়নের মাজার গেইট এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে। তিনি হাটহাজারী থানার শিকারপুর ইউনিয়নে কুয়াইশ এলাকার সাজেদা ম্যানশনে বসবাস করেন।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন বলেন, শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কাপ্তাই রাস্তার মাথা এলাকার মেহেরাজ খান চৌধুরী ঘাটা সিএনজি গ্যাস পাম্পের সামনে থেকে তৌহিদুল আলম আকিবকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে দুটি ইয়াবা ট্যাবলেট উদ্ধারের পর জিজ্ঞাসাবাদে হাটহাজারীর কুয়াইশ এলাকার সাজেদা ম্যানশনে তার ভাড়া বাসায় ইয়াবা তৈরির মেশিন থাকার তথ্য পাওয়া যায়।পরে সেখানে অভিযান চালিয়ে একটি মেশিনসহ ইয়াবা তৈরির বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়। তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আকিব দাবি করেছে- ইউটিউব ও চ্যাটজিপিটির সহায়তায় ইয়াবা তৈরির কৌশল শিখে নারায়ণগঞ্জ থেকে মেশিন কিনে ব্যবসার উদ্দেশ্যে ইয়াবা তৈরি করতো।মেশিনটির আনুমানিক মূল্য ১ লাখ ৭০ হাজার টাকা। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।


